‘আসুন এগিয়ে যাই নতুন সম্ভাবনাময় সামনের পথে, গড়ে তুলি একটি আধুনিক ডিজিটাল ওয়ার্ড’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডকে একটি পরিকল্পিত মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তরের ঘোষণা দিয়েছেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো. শামীম মিয়া। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তিনি ইতোমধ্যে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
শামীম মিয়া জানান, ৩নং ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সঠিক নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তিনি একটি পরিকল্পিত, ডিজিটাল ও মানসম্মত ওয়ার্ড গড়ার লক্ষ্যে কাজ করতে চান। তরুণ প্রজন্মের এই প্রতিনিধি মনে করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করলে একটি অবহেলিত জনপদকে আধুনিক মডেলে রূপান্তর করা সম্ভব।
এলাকায় গরিব, দুঃখী ও মেহনতী মানুষের বন্ধু হিসেবে পরিচিত মো. শামীম মিয়া তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং ন্যায়ের পথে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত এই তরুণ সমাজসেবক দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেতে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও মূল্যবান রায় প্রত্যাশা করছেন।
নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের পাড়া-মহল্লায় মতবিনিময় সভা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং একটি আধুনিক জগন্নাথপুর বিনির্মাণে ৩নং ওয়ার্ডকে অগ্রগামী করার প্রত্যয় ব্যক্ত করছেন।