মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার অবদান অপরিসীম: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার অবদান অপরিসীম: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু
LONDONBANGLA
প্রকাশিত 26 February, Thursday, 2026 15:19:59
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে পুলিশ লাইন্স স্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন-৩)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিভাগীয় পুলিশ হাসপাতাল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আসরের সমাপ্তি ঘটে।
বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেটের মেডিকেল অফিসার ডাঃ রিফাত জাহান মনিরের সভাপতিত্বে ও ফখরুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতি সিলেট ইউনিটের যুগ্ম সম্পাদক বিএনপি নেতা আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠু। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পুলিশ হাসপাতাল সিলেটের মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ পুরকায়স্থ এবং ডাঃ স্নেহাশিস গুপ্ত।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বলেন, সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর চর্চা নয়-এটা চরিত্র গঠনের এক শক্তিশালী মাধ্যম। মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার অবদান অপরিসীম। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুলিশ লাইন্স স্টার ক্লাব যে আয়োজন করেছে, তা প্রশংসার দাবি রাখে। তিনি ভবিষ্যতে ক্লাবের অন্যান্য কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
টুর্নামেন্টের এই সিজনে সর্বমোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে সাকিব একাদশকে হারিয়ে ফরহাদ একাদশ ৪ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সিলেটের স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ মিজানুর রহমান মিঠুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সভাপতি সহ অতিথিবৃন্দ।